একার্থক পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। একার্থক পরিকল্পনা হলো প্রতিষ্ঠানে একবারই ব্যবহৃত হয় এমন পরিকল্পনা। কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যেখানে একার্থক পরিকল্পনার আওতাতেই অধিকাংশ কার্য সম্পাদিত হয়। আবার কিছু প্রতিষ্ঠান থাকে যেখানে স্থায়ী পরিকল্পনা ব্যাপকভাবে ব্যবহৃত হলেও ক্ষেত্রবিশেষে একার্থক পরিকল্পনার ব্যবহার করা হয়। প্রকৃতি অনুযায়ী একার্থক পরিকল্পনাকে নিম্নোক্ত প্রধান দু’টি ভাগে ভাগ করা হয়। যা নিম্নরূপ :
একার্থক পরিকল্পনার প্রকারভেদ

১. কর্মসূচি (Program) :
কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বা বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য যে বিভিন্ন পর্যায়ে বিভক্ত বড়ো ধরনের কর্মকাণ্ড গ্রহণ করা হয় তাকে কর্মসূচি বলে । Stoner ও অন্যরা এ সম্পর্কে বলেছেন, “A program is a single-use plan that covers a relatively large set of activities. outlines; (1) the major steps required to reach an objective, ( 2 ) the organization unit or member responsible for each step, and (3) the order and timing of each step. …90 অর্থাৎ কর্মসূচি হলো এক ধরনের একার্থক পরিকল্পনা যার মধ্যে কতকগুলো বড় ধরনের একাধিক কাজ অন্তর্ভুক্ত থাকে ।
এর মধ্যে অন্তর্ভুক্ত হলো; (১) উদ্দেশ্যে পৌঁছানোর জন্য প্রধানত কোন্ কোন্ পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে, (২) প্রতিটি পদক্ষেপে প্রতিষ্ঠানের কোন্ বিভাগ বা ব্যক্তি দায়বদ্ধ হবে এবং (৩) প্রতিটি পদক্ষেপ সম্পাদনের ক্রম এবং প্রতিটির জন্য ব্যয়যোগ্য সময়ের পরিমাণ কী হবে।
ধরা যাক, প্রতিষ্ঠানে যন্ত্রপাতির শ্রম ঘণ্টা অপচয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য বড় ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এতে কোন্ কোন্ যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে এবং কীভাবে করা হবে, কোন কোন্ যন্ত্রপাতি মেরামত করা হবে এবং তাও কীভাবে সম্পাদিত হবে, নতুন যন্ত্রপাতি ও সেই সঙ্গে পুরোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে কী করতে হবে, যন্ত্রপাতি চালনায় নিযুক্ত ব্যক্তিবর্গকে কীভাবে প্রশিক্ষণ দেয়া হবে ইত্যাদি বিষয়ে পৃথক পৃথক পরিকল্পনা নেয়ার প্রয়োজন পড়বে । এরূপ পরিকল্পনার সমষ্টিকে কর্মসূচি হিসেবে আখ্যায়িত করা যায় ।
এ ছাড়া দীর্ঘমেয়াদি একার্থক কোনো পরিকল্পনাকে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন মেয়াদেও ভাগ করা হয় । একত্রে এরূপ পরিকল্পনাকে কর্মসূচি নামে অভিহিত করা হয়ে থাকে । সরকারের সম্প্রসারিত টীকাদান কর্মসূচি এর উদাহরণ
২. প্রকল্প (Project) :
প্রকল্প হলো কর্মসূচির আওতাধীন পদক্ষেপসমূহের মধ্যেকার একটি বিশেষ পদক্ষেপ বিষয়ক পরিকল্পনা। Stoner ও অন্যরা বলেছেন, “Projects are smaller, separate portions of programes; they are limited in scope and contain distinct directives concerning assignment and time.”91 অর্থাৎ প্রকল্প হলো কর্মসূচির অধীন ক্ষুদ্র ও পৃথক প্রতিটি কাজ; এর আওতা যেমনি ছোট হয় তেমনি কাজ ও সময়ের ক্ষেত্রে স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়।
ধরা যাক, বাংলাদেশে খাবার পানিতে আর্সেনিক দূষণ প্রতিরোধের জন্য একটি কর্মসূচি নেয়া হলো । এতে প্রথমত আর্সেনিক দূষিত টিউবওয়েলসমূহ চিহ্নিতকরণ একটা পদক্ষেপ। কত দিনের মধ্যে এবং কতটা পর্যায়ে এটি করা হবে তা নির্ধারণকে একটি প্রকল্প চিহ্নিত করা যায়। যে সকল টিউবওয়েল এখনও দূষণমুক্ত রয়েছে এগুলোর বিষয়ে কী করা যায় এবং তা কতদিনে করা সম্ভব এটি দ্বিতীয় পদক্ষেপ অর্থাৎ এটি একই কর্মসূচির আওতায় আরেকটি প্রকল্প । খাবার পানি আর্সেনিকমুক্ত রাখার জন্য জনসচেতনতা সৃষ্টি তৃতীয় প্রকল্প হতে পারে ।

একার্থক পরিকল্পনাকে উপরোক্ত দু’টি প্রধান ভাগে ভাগ করা হলেও বিশেষ কর্মসূচি (Special program) ও বিশদ পরিকল্পনা (Detailed plan) নামেও এরূপ পরিকল্পনা লক্ষণীয়। মূল কর্মসূচিকে সফল করার জন্য ক্ষেত্রবিশেষে বিশেষ কর্মসূচি গ্রহণের প্রয়োজন পড়ে। এরূপ কর্মসূচির আওতাতেও একাধিক প্রচেষ্টা থাকতে পারে । অনেক সময় মূল কর্মসূচি ব্যাহত হওয়ায় বিশেষ কর্মসূচি দিয়ে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলার জন্যও বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হয় । প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় পর্যায়ে বিশদ পরিকল্পনা গ্রহণের প্রয়োজন পড়ে । যা মূলত প্রজেক্টের আওতাধীন ।
