ব্যবস্থাপনা কি একটি পেশা? এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপনা কার্যের গুরুত্ব এবং এ সংক্রান্ত জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা সকল সমাজেই আজ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় একে একটি পৃথক পেশা হিসেবে গণ্য করা উচিত কি না এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়ার পূর্বে পেশা কী এবং এর উপাদানগুলো কী হতে পারে তা আলোচনা করা প্রয়োজন ।
Table of Contents
ব্যবস্থাপনা কি একটি পেশা

বিশেষায়িত জ্ঞান সম্বলিত কোনো কাজ বা বৃত্তিকে সাধারণ অর্থে পেশা বলে । এরূপ বৃত্তি বা কাজ অবশ্যই সামাজিকভাবে স্বীকৃত, নৈতিকতার মানদণ্ডে উন্নীত এবং উপদেশ, পরামর্শ বা নির্দেশনা প্রদানের সামর্থ্য সম্বলিত হওয়া প্রয়োজন । M. L. Cogan (কোগান)-এর মতে,
“A profession is a vocation whose practice is founded upon an understanding of the theoritical structure of some department of learning or science and upon the abilities accompaning such understanding.“
অর্থাৎ শিক্ষণ বা বিজ্ঞান সংশ্লিষ্ট কোনো বিভাগের তাত্ত্বিক দিক বুঝতে পারার এবং এই জ্ঞান প্রয়োগ করার সামর্থ্যের ওপর নির্ভর কোনো বৃত্তিকে পেশা বলে । কোনো বৃত্তিকে পেশা হতে হলে তার কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এ সম্পর্কে অনেকেই আলোকপাত করেছেন । তার কতিপয় নিম্নে তুলে ধরা হলো :
Kenneth R. Andrews-এর মতে, কোনো পেশার পাঁচটি প্রধান বৈশিষ্ট্য থাকা আবশ্যক;
(১) নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান,
(২) উক্ত জ্ঞানের যথার্থ প্রয়োগ,
(৩) ব্যক্তির সামাজিক দায়বদ্ধতা,
(৪) ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ সামর্থ্য ও
(৫) উক্ত জ্ঞান বা কাজের সামাজিক স্বীকৃতি ।
Frank B. Miller কোনো পেশার নিম্নোক্ত পাঁচটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন :
১. ব্যবস্থাপকীয় সমিতির উপস্থিতি এবং সদস্যপদ গ্রহণ;
২. বিশেষায়িত জ্ঞানের সমাবেশ;
৩. কার্যবিধি বা আইনের আওতায় কার্য সম্পাদন;
৪. পেশার প্রতি এর সদস্যদের শ্রদ্ধাবোধ বা আনুগত্য ও
৫. পেশাগত সাফল্য অর্জনের অব্যাহত প্রচেষ্টা । উপরোক্ত আলোচনা থেকে কোনো পেশার যে
সকল অপরিহার্য বৈশিষ্ট্য প্রতীয়মান হয় তা নিম্নে উল্লেখ করা হলো :
১. নির্দিষ্ট ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত নীতিমালা সম্বলিত বিশেষায়িত তাত্ত্বিক জ্ঞান;
২. উক্ত জ্ঞান অর্জন, এর প্রসার ও প্রশিক্ষণ গ্রহণের আনুষ্ঠানিক পদ্ধতি;
৩. পেশাগত বিষয় দেখাশুনা ও এর উন্নয়নের জন্য প্রতিনিধিত্বমূলক সংঘ বা সংস্থা;
৪. এরূপ জ্ঞান অর্জনের প্রমাণস্বরূপ প্রাতিষ্ঠানিক সনদ এবং পেশাজীবী সংঘ বা সংস্থার সদস্যপদ;
৫. পেশাগত আচরণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ আইন অথবা সংঘ বা সংস্থা কর্তৃক প্রণীত বিধিমালা
৬. পেশাদার উপদেষ্টা শ্রেণীর উপস্থিতি ।
ব্যবস্থাপনা একটি পেশা কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে এক্ষেত্রে উপরোক্ত বৈশিষ্ট্যাবলি বিদ্যমান কি না তার মূল্যায়ন প্রয়োজন। এক্ষেত্রে লক্ষণীয় যে, কতকগুলো বৈশিষ্ট্যের সঙ্গে ব্যবস্থাপনার মিল থাকলেও কতকগুলো ক্ষেত্রে অমিল বিদ্যমান। নিম্নে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো :
১. সুসংবদ্ধ জ্ঞানের প্রসার (Expansion of organized knowledge) :
বর্তমানকালে বিশ্বজুড়েই ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের ব্যাপক প্রসার ঘটেছে । স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বিষয়ে শিক্ষার্থীদের সনদ দেয়া হচ্ছে । সারা বিশ্বেই B.B.A ও M.B.A কোর্স এখন খুবই জনপ্রিয়। বিভিন্ন প্রতিষ্ঠানও এ বিষয়ে ডিপ্লোমা। কোর্স প্রদান করছে। এ বিষয়ে গবেষণাকর্ম চলছে সারা বিশ্বজুড়েই। তাই ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র হিসেবে বর্তমানে সর্বত্রই প্রতিষ্ঠিত ।
২. বিভিন্ন ব্যবস্থাপনা সংঘ ও সংস্থা প্রতিষ্ঠা (Establishment of different management association) :
উন্নত দেশসমূহে ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সংঘ ও সংস্থা প্রতিষ্ঠা লাভ করছে। যুক্তরাষ্ট্রে আমেরিকান ম্যানেজমেন্ট এসোসিয়েশন, ন্যাশনাল অফিস ম্যানেজমেন্ট এসোসিয়েশন, আমেরিকান ব্যাংকা এসোসিয়েশনের মতো প্রতিষ্ঠানের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য। শুধুমাত্র ব্যবস্থাপক বা নির্বাহীগণই এর সদস্য হস্তে। পারেন ।

৩. ব্যবস্থাপকীয় পরামর্শক শ্রেণীর আবির্ভাব (Emergence of management consultants) :
শিল্পোন্নত দেশগুলোতে ব্যবস্থাপনা ক্ষেত্রে বিভিন্ন পরামর্শক সংস্থা ও বিশেষজ্ঞের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে কর্মরত ছিলেন এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ অনেকেই ব্যবস্থাপকীয় পরামর্শক হিসেবে কাজ করছেন। এ ধরনের নিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের বিশেষত্ব বা মর্যাদাই তুলে ধরেছে।
উপরোক্ত যুক্তিসমূহের মধ্যে অনেকটা সারবত্তা থাকলেও পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনা এখনও ডাক্তারি বা প্রকৌশলী পেশার ন্যায় বিশেষ পেশার মর্যাদা লাভে সমর্থ হয়নি । ক্ষেত্রবিশেষে ব্যবস্থাপনাকে পেশার মর্যাদায় নিয়ে যাওয়ার সক্রিয় প্রয়াস লক্ষণীয় হলেও বাস্তব অর্থে এখনও ব্যবস্থাপনা সে মর্যাদা লাভ করতে পারেনি । তবে ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রভাব যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে একদিন তা পেশার মর্যাদা লাভে সমর্থ হবে। এটা নির্দ্বিধায় বলা যায়।
