সংগঠন সারগ্রন্থ এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন” বিষয়ক পাঠের অংশ। যে গ্রন্থে বা বইয়ে সংগঠন কাঠামোর বিভিন্ন বিভাগ ও উপবিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বা উপর হতে নিচ পর্যন্ত বিভিন্ন পদে সমাসীন ব্যক্তিবর্গের কাজ, দায়িত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, যোগ্যতা, কে কার সাথে সম্পর্কিত ইত্যাদি বিষয়ের বর্ণনা সমেত সংগঠন চিত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের উল্লেখ থাকে তাকে সংগঠন সারগ্রস্থ বলে ।
সংগঠন চিত্র বা তালিকা হতে সংগঠন কাঠামোর বিভিন্ন বিভাগ বা পদ কে কার সাথে সম্পর্কিত-এ বিষয়ে ধারণা পাওয়া গেলেও তা থেকে প্রত্যেক পদের জন্য নির্দিষ্ট কাজ, দায়িত্ব, কর্তৃত্ব এবং উক্ত পদে নিয়োগের জন্য নির্বাহীর কী যোগ্যতার প্রয়োজন এ সম্পর্কে কোনোই ধারণা লাভ করা যায় না। তাই এরূপ ছাপানো বইয়ে প্রতিষ্ঠানের সংগঠন চিত্র বা তালিকা ছাড়াও প্রত্যেক পদের জন্য বর্ণনা থাকে ।

সংগঠন সারগ্রন্থ
Prof. Newman, “Organization manuals are typically made up of organization charts and executive position descriptions for all or a large part of an enterprise. These documents are put together so that a single source of information regarding the organization may be readily available.” অর্থাৎ প্রতিষ্ঠানের উপর হতে নিচের দিকে সকল পদ বা এর উল্লেখযোগ্য অংশের চিত্র এবং নির্বাহী পদ বর্ণনা (Position description) যে গ্রন্থে সুন্দরভাবে তুলে ধরা হয় তাকে সংগঠন সারগ্রন্থ বলে। এ দলিল প্রতিষ্ঠানের সংগঠন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহের সহজ ও একক উৎস হিসেবে কাজ করে।

যথাযথভাবে তৈরি এরূপ গ্রন্থ বা পুস্তক হতে একজন ব্যক্তি প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর চিত্র এবং কাঠামোর প্রত্যেকটা স্তরে নিয়োজিত ব্যক্তিদের পদমর্যাদা, উক্ত পদের অধিকারী ব্যক্তির যোগ্যতা, কাজ, দায়িত্ব, কর্তৃত্ব, এর সীমা, জবাবদিহিতার পদ্ধতি, ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্ক ইত্যাদি বিষয় সম্পর্কে যেমনি বিশদ ধারণা পেতে পারে তেমনি নিযুক্ত ব্যক্তি তার পদে করণীয় কাজ, দায়িত্ব-কর্তৃত্ব ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে পূর্ব ধারণা লাভ করে উপকৃত হতে পারে। এক্ষেত্রে প্রত্যেক পদের লিখিত বর্ণনা থাকায় কার্যক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্টতা থাকে না । ফলে এরূপ গ্রন্থ প্রতিষ্ঠানের সকলের জন্য নির্দেশক গ্রন্থ (Guide Book) হিসেবে কাজ করে ।
