বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে, যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলো আতঙ্কিত, সব আমানতের বিমা চেয়ে চিঠি, কর্তৃপক্ষের ভিড়ে আরও একটি কর্তৃপক্ষ হচ্ছে, একদৌড়ে ৭৬৯৮ টাকা বাড়ল সোনার ভরি, ডামুড্যায় স্মার্ট ভিলেজ মেলা অনুষ্ঠিত, টিসিবিও লক্ষ্যমাত্রা অর্ধেকে নামাচ্ছে, ম্যাগপাই অ্যাপে পাওয়া যাবে বেসিক ব্যাংকের সব সেবা, ভারতে সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে

Table of Contents
ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে | সারা সপ্তাহের খবর
ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ ছাড়া বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। ১৮ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলো আতঙ্কিত, সব আমানতের বিমা চেয়ে চিঠি
যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলোর মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে এসব ব্যাংকের জোট দেশটির ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন বা এফডিআইসিকে অনুরোধ করেছে, শুধু আড়াই লাখ ডলার পর্যন্ত নয়, সব ধরনের আমানতেই যেন আগামী দুই বছর পর্যন্ত বিমা দেওয়া হয়।
কর্তৃপক্ষের ভিড়ে আরও একটি কর্তৃপক্ষ হচ্ছে
দেশে আরও একটি কর্তৃপক্ষ গঠিত হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সরকারি সেবা নিশ্চিত করতে গত এক যুগে অন্তত ৯টি কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। এই তালিকায় আরও একটি কর্তৃপক্ষ যুক্ত হচ্ছে। সরকারি টাকা খরচে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে এবার বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন বা বাংলাদেশ সরকারি কেনাকাটা কর্তৃপক্ষ গঠনের আইন পাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
একদৌড়ে ৭৬৯৮ টাকা বাড়ল সোনার ভরি
সোনার দাম বেড়ে আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে। লাখ টাকা ছুঁই ছুঁই করছে এখন সোনার দাম। শনিবার নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণার পর মূল্যবান এ ধাতুটির দাম বেড়ে লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। তাতে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৯৮ হাজার ৭৯৪ টাকায় উঠেছে।
ডামুড্যায় স্মার্ট ভিলেজ মেলা অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যায় অনুষ্ঠিত হলো স্মার্ট ভিলেজ মেলা। গত শুক্রবার উপজেলা মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেলায় জাতীয়-স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ৬৫টি স্টল নিয়ে অংশ নেন। উদ্যোক্তাদের ৩৫ শতাংশই ছিলেন নারী। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
টিসিবিও লক্ষ্যমাত্রা অর্ধেকে নামাচ্ছে
দেশে প্রতিবছর যতটা পরিমাণ ছোলা বিক্রি হয়, তার বড় অংশের বেচাকেনা হয় রোজাকে কেন্দ্র করে। তবে এবার ছোলা কিনতে মানুষের আগ্রহ কম বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বিক্রেতাদের দুশ্চিন্তা বাড়ছে। এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ছোলা বিক্রির পরিমাণ কমাচ্ছে। দেশের এক কোটি পরিবার কার্ডধারীর জন্য গত বছর রোজায় যে পরিমাণ ছোলা বিক্রি করেছিল, এবার তার অর্ধেক বিক্রির পরিকল্পনা সংস্থাটির।
ম্যাগপাই অ্যাপে পাওয়া যাবে বেসিক ব্যাংকের সব সেবা
হাতের মুঠোয় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ‘ম্যাগপাই’ নামের অ্যাপ চালু করছে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক। এতে ব্যাংকিং সেবা আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য হবে বলে আশা করছে ব্যাংকটি। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

ভারতে সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে
ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে পাকা সোনার দাম শুক্রবার এ–যাবৎকালের সর্বোচ্চ ৫৯ হাজার ৪৬১ রুপিতে উঠেছিল। দিন শেষে তা আবার কিছুটা কমে ৫৯ হাজার ৪২০ রুপিতে নেমে এসেছে। শুক্রবার ১০ গ্রাম পাকা সোনার দাম ২ দশমিক ৪১ শতাংশ বা ১ হাজার ৪১৪ রুপি বেড়েছে। বাজারবিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারের যে হালচাল, তাতে আগামী সপ্তাহে সোনার দাম ৬০ হাজার রুপি ছাড়িয়ে যেতে পারে।
