আজকের আলোচনার বিযয় মেট্রিক্স সংগঠন কেন করা হয় – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত, মেট্রিক্স সংগঠন হলো এমন সংগঠন যেখানে উচ্চ নির্বাহীর অধীনে একজন প্রজেক্ট ব্যবস্থাপক এবং আরেকজন কার্যিক ব্যবস্থাপক পরস্পর সহ অবস্থানে থেকে পারস্পরিক সহযোগিতায় স্ব-স্ব দায়িত্ব পালন করে ।
প্রচলিত কর্তৃত্ব শৃঙ্খল (Chain of command) এর ধারণা থেকে বেরিয়ে এসে সহ অবস্থানে কর্মরত ব্যক্তিবর্গের সরাসরি ও দ্রুত সমন্বয় নিশ্চিত করার জন্যই এ ধরনের সংগঠন গড়ে তোলা হয়েছে। নিম্নে এ ধরনের সংগঠন প্রতিষ্ঠার কারণ বা গুরত্ব তুলে ধরা হলো :

Table of Contents
মেট্রিক্স সংগঠন কেন করা হয়
১. সহযোগিতার উন্নয়ন (Developing cooperation) :
যে কোন সম্মিলিত কাজে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রাতিষ্ঠানিক নিয়মের বেড়াজাল ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচলিত ধারণা অনেক সময় এক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়। যা সহযোগিতার পরিবর্তে অনেক সময় অসহযোগিতা বৃদ্ধি করে । কিন্তু মেট্রিক্স সংগঠন প্রচলিত ধারণা ও নিয়মের বাইরে এসে পাশাপাশি কর্মরত নির্বাহীদের মধ্যে সহযোগিতার উন্নয়ন ঘটায় ।
২. কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা (Establishing effective coordination) :
সমন্বিত সংগঠন কাঠামো দ্রুত ও কার্যকর সমন্বয় সাধনের একটা অন্যতম উপায়। এরূপ উপায় সমান্তরাল সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে । মেট্রিক্স সংগঠনে প্রজেক্ট ম্যানেজার ও কার্যিক ব্যবস্থাপকগণ নিজেদের দক্ষতা প্রমাণে স্বপ্রণোদিত সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে । অন্যথায় তাদেরকে যৌথভাবে ঊর্ধ্বতনের নিকট দায়ী হতে হয়।
৩. দ্রুত কার্য সম্পাদন (Quick accomplishment of work) :
প্রচলিত সংগঠন কাঠামোতে কর্তৃত্ব শৃঙ্খলের উপর অধিক গুরুত্বারোপ করা হয়। ফলে উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক বা বিক্রয় ব্যবস্থাপক একে অন্যের সাথে যোগাযোগ করতে যেয়ে তা সাধারণ ব্যবস্থাপকের মাধ্যমে করে থাকে। ফলে বিলম্ব হয় । কিন্তু মেট্রিক্স সংগঠনে তার প্রয়োজন হয় না। ব্যবস্থাপকগণ স্ব-স্ব দায়িত্ব পালনে একে অন্যের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলে । যা দ্রুত কার্য সম্পাদনে খুবই সহায়ক হয় ।
৪. কাজের প্রতি গুরুত্বারোপ (Emphasizing to work) :
এরূপ সংগঠনে প্রতিটা প্রজেক্ট বা প্রডাক্টের জন্য পৃথক ব্যবস্থাপক কর্মরত থাকেন। যিনি তার প্রডাক্টের সকল ভালমন্দের জন্য উর্ধ্বতন নির্বাহীর নিকট জবাবদিহি করেন । তিনি তার প্রয়োজনে বিভিন্ন কার্যিক ব্যবস্থাপকগণের সহায়তা নিতে সবসময়ই সচেষ্ট হন। এক্ষেত্রে অন্যান্য প্রডাক্ট ব্যবস্থাপকগণের সাথে তার একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় । যা কাজের প্রতি সবাইকে অধিক মনোনিবেশে সহায়তা করে ।
৫. নির্বাহীর সংখ্যা ও ঝামেলা হ্রাস (Reducing the number of executive and hazard of work):
প্রচলিত সাংগঠনিক কাঠামোতে উচ্চ ও মধ্য পর্যায়ে নির্বাহী সংখার আধিক্য পরিলক্ষিত হয় । এতে ব্যয় বাড়ে এবং অতি আনুষ্ঠানিকতাজনিত ঝামেলা বৃদ্ধি পায়। কিন্তু মেট্রিক্স সংগঠনে একজন উচ্চ নির্বাহীর অধীনে প্রজেক্ট ব্যবস্থাপকগণ কার্যিক ব্যবস্থাপকগণের সাথে সরাসরি সঙ্গতি বিধান করে কাজ করেন । ফলে কর্তৃত্ব শৃংখল সুরক্ষার নামে অপ্রয়োজনীয় নির্বাহী নিয়োগের প্রয়োজন পড়ে না ।

৬. নতুন ব্যবস্থার দিক নির্দেশ (Indicating new system) :
সংগঠন কাঠামো সংক্রান্ত প্রচলিত ধারণার বাইরে মেট্রিক্স সংগঠন একটা নতুন ধারণা গড়ে তুলতে সক্ষম হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেই সাথে শিক্ষিত ও দক্ষ জনশক্তি মিলনে প্রতিষ্ঠানসমূহে আজ নতুন পরিবেশ লক্ষণীয় । সেখানে পূরনো সংগঠন কাঠামোর ধারণা আর চলছে না । তাই মেট্রিক্স সংগঠন কাঠামো এক্ষেত্রে নতুন ধারণা তুলে ধরে নতুন চিন্তার সুত্রপাত ঘটিয়েছে ।
