১৪৬ টাকায় সয়াবিন ও ৮৩ টাকা চিনি- খবর দিয়ে শুরু করছি বিজনেস গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন সহজ হয়েছে, পাওয়া যাবে এক আবেদনেই
দেশে নতুন কোনো কোম্পানি করতে হলে প্রথমে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) থেকে নামের ছাড়পত্র নিতে হয়। নামের ছাড়পত্র পাওয়া গেলে পুনরায় কোম্পানির নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। দুটি আবেদনের জন্য পৃথকভাবে ফি দিতে হয়। দুটি ধাপই এখন একটিমাত্র আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফি পরিশোধও একবারে সম্পন্ন হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন এক দরজায় সেবা বা ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে এই সেবা নিতে পারবেন উদ্যোক্তারা।
১৪৬ টাকায় সয়াবিন ও ৮৩ টাকা চিনি

ভারত থেকে প্রতি লিটার ১৪৬ টাকা ১০ পয়সা দরে ১১ হাজার টন সয়াবিন তেল ও সিঙ্গাপুর থেকে ৮২ টাকা ৯৪ পয়সা কেজিতে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করছে বাংলাদেশ। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী দামে নিম্ন আয়ের মানুষের কাছে এই তেল-চিনি বিক্রি করবে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-বিষয়ক দুটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
অলংকার তৈরি করবে কোরিয়ার কোম্পানি
দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্মাইল আর্টস লিমিটেড বাংলাদেশে কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের জুয়েলারি বা অলংকার তৈরি করবে। এরপর এসব অলংকার রপ্তানি করা হবে বিশ্বের বিভিন্ন দেশে। নীলফামারী জেলায় অবস্থিত উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (উত্তরা ইপিজেড) স্থাপন করা হবে এই জুয়েলারি কারখানা। কারখানা স্থাপনে স্মাইল আর্টস বিনিয়োগ করবে ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২১ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা ধরে)। আর এখানে কর্মসংস্থান হবে প্রায় ৩০০ জন বাংলাদেশি নাগরিকের।
চীনকে টেক্কা দিয়ে রুশ তেল কিনছে ভারত, বড় পতন ওপেক থেকে আমদানি
একসময় তেল উৎপাদনকারীদের জোট ওপেকের সদস্যদেশগুলো থেকে ভারত সিংহভাগ জ্বালানি তেল আমদানি করত। সেই হার ছিল মোট আমদানির ৭২ শতাংশ। ২০২২ সালের এপ্রিল মাসেই বিষয়টা এ রকমই ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রাশিয়ার কাছ থেকে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল আমদানির সুযোগ ভারত ভালোভাবেই কাজে লাগায়। ফলে, এক বছরের মধ্যেই ওপেকের কাছ থেকে তেল আমদানির পরিমাণ ৭২ থেকে ৪৬ শতাংশে নেমে আসে।
বাজেট: এবার রপ্তানি খাতসহ কিছু ক্ষেত্রে করপোরেট কর বাড়তে পারে
আগামী অর্থবছরের করপোরেট করহার কমছে না। বরং কিছু ক্ষেত্রে করহার বাড়ানো হতে পারে। যেসব খাত দাঁড়িয়ে গেছে, সেসব খাতকে আগের চেয়ে বেশি কর দিতে হবে। কিংবা এত দিন ধরে করছাড় পেয়েও যারা ভালো করছে না, তেমন খাতের সুবিধা উঠিয়ে দেওয়া হতে পারে। এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এখন কোন কোন খাত এই তালিকায় রাখা হবে, তা নিয়ে যাচাই-বাছাই চলছে।
ভারতে সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি মূল্য কমেছে ৪৬-৫৭%
গত এক বছরে ভারতের বাজারে আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম ৪৬ থেকে ৫৭ শতাংশ কমলেও পাইকারি বাজারে তার প্রতিফলন তেমন একটা দেখা যায়নি। ইকোনমিক টাইমসের তথ্যানুসারে, খুচরা ও পাইকারি বাজারে এই দুই ভোজ্যতেলের দাম কমেছে ১৬ থেকে ১৭ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে ইউক্রেনের রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে বিশ্বজুড়ে গম, সয়াবিন ও সূর্যমুখী তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা বেড়ে যায়। তবে ইউক্রেন থেকে রপ্তানি আবার শুরু হলে দাম কমতে শুরু করে।
দাম বাড়ছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের

ঈদুল ফিতরের পর বাজারে নতুন করে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। আর একই সময়ের ব্যবধানে মানভেদে পেঁয়াজের দাম বেড়েছে সর্বোচ্চ ১৫ টাকা। দাম বাড়ছে আদা–রসুনেরও। ব্যবসায়ীরা বলছেন, আলুর সরবরাহে টান পড়েছে। বন্ধ আছে পেঁয়াজ আমদানি। তাতে দামে প্রভাব পড়তে শুরু করেছে। আর ডলার–সংকটে ঋণপত্র (এলসি) খোলা কমে যাওয়া এবং আমদানি খরচ বেড়ে যাওয়ায় আদা ও রসুনের দাম বাড়তির দিকে।
