আজকের আলোচনার বিযয় নেতৃত্বের সংজ্ঞা – যা নেতৃত্ব এর অর্ন্তভুক্ত, নেতৃত্ব ব্যবস্থাপনার একটি অপরিহার্য অঙ্গ। কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টাকেই নেতৃত্ব বলা হয় । যিনি এ দায়িত্ব পালন করেন তাকে নেতা (Leader) বলে । একজন ব্যবস্থাপক তার অধীনস্থ লোকদের কার্যাকার্যকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে পরিচালনা করেন বিধায় ব্যবস্থাপককেও নেতা হিসেবে গণ্য করা যায় ।
নেতৃত্বের সংজ্ঞা

ইংরেজি ‘Lead’ হতে ‘Leadership’ শব্দ এসেছে যার বাংলা অর্থ হলো নেতৃত্ব। ‘Lead’ শব্দের অর্থ হলো পথ দেখানো (To guide), চালিত করা (To conduct). আদেশ করা (To direct) ইত্যাদি । তাই নেতৃত্ব বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য অধীনস্থ লোকদের পরিচালনা করার এমন কৌশলকে বুঝায় যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য অর্জনে তৎপর হয় । তাই নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ইত্যাদি কার্যাকার্য নেতৃত্বদানের মধ্যে পড়ে ।
নিম্নে নেতৃত্ব সম্পর্কে দু’জন খ্যাতনামা লেখকের মতামত তুলে ধরা হলো :
১. Newstorm ও Keith Devis এর মতে, “নেতৃত্ব হলো অন্যান্যদের উৎসাহিত ও সাহায্য করার একটি প্রক্রিয়া যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে উদ্দেশ্য অর্জনে তৎপর হয়।” (Leadership is the process of encouraging and helping others to work enthusiastically toward objectives.)
H. Koontz এবং C. O. Donnell এ সম্পর্কে বলেন, “নেতৃত্ব হলো জনগণকে প্রভাবিত করার এমন একটি কলা বা প্রক্রিয়া যাতে তারা দলীয় লক্ষ্য অর্জনে স্বেচ্ছাপ্রণোদিত হয় ।” (Leadership is the art Por process of influencing people so that they will strive willingly and enthusiastically toward the achievement of group goals.)
উপরোক্ত সংজ্ঞা ও আলোচনার বিচারে নেতৃত্বের নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষণীয়ঃ
১. এটি হলো অধস্তনদের নির্দিষ্ট লক্ষ্যপানে চালিত করার কৌশল;
২. এক্ষেত্রে অধস্তনদের প্রকৃতি বুঝে এগিয়ে নেয়ার চেষ্টা চালানো হয়;
৩. নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও যোগাযোগ কার্য এর আওতাধীন;
৪. এক্ষেত্রে নেতার যোগ্যতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং
৫. অধস্তনদের মান, আনুগত্য ও শৃঙ্খলা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি ।

উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, নেতৃত্ব হলো এমন একটি শক্তিশালী উপাদান বা কৌশল যা অধস্তন বিভিন্ন লোকের প্রকৃতি ও স্বরূপকে সামনে রেখে তাদের এমনভাবে পরিচালিত করে যাতে সবাই আস্থার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে দলীয় ও সাংগঠনিক উদ্দেশ্য অর্জনে তৎপর হয় ।
