বিকল্পসমূহের উন্নয়ন এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সিদ্ধান্ত গ্রহণ” বিষয়ক পাঠের অংশ। একাধিক বিকল্প থেকে বাছাইকৃত উত্তম বিকল্পকে সিদ্ধান্ত বলে। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়েই নানান প্রয়োজনে প্রতিনিয়তই সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত -গ্রহণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বিকল্পসমূহের উন্নয়ন ।
বিকল্পসমূহের উন্নয়ন

অথাৎ এক্ষেত্রে বিকল্পগুলো বলে দেয়াই যথেষ্ট নয় । বিকল্পসমূহকে ভেবে-চিন্তে তার ফলাফল কী হতে পারে তা বিবেচনাপূর্বক সম্ভাবনাময় বা উপযোগী বিকল্পসমূহকে বের করে আনার অর্থই হলো বিকল্পসমূহের উন্নয়ন (Developing alternatives)।
একজন ব্যবস্থাপক কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে তিনি সিদ্ধান্ত- গ্রহণের আবশ্যকতা বুঝতে চেষ্টা করেন । অতঃপর তাকে ঐ সমস্যার সমাধানে কী করা উচিত তা খুঁজে বের করতে হয় । কী করা উচিত-এটা চিন্তা করতে গেলেই একাধিক করণীয় প্রস্তাবনা সামনে এসে দাঁড়ায়।
এই একাধিক করণীয় প্রস্তাবনাকেই বিকল্প বলে । এখন এই বিকল্পের সবটা পরিস্থিতি, প্রয়োজনীয়তা, বাস্তবতা ইত্যদি বিচারে গ্রহণযোগ্য হয় না । তাই বাস্তবতার নিরিখে প্রতিটার বিচার-বিশ্লেষণ করে তাথেকে বিকল্পের একটা সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় । এরূপ তালিকার অন্তর্ভুক্ত বিকল্পসমূহ যথেষ্ট চিন্তা-ভাবনার মধ্যদিয়ে এ পর্যায়ে আসায় এ প্রক্রিয়াকে বিকল্পসমূহের উন্নয়ন হিসেবে গণ্য করা হয় । যা পরবর্তী মূল্যায়ন ও বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
পরিকল্পনা বাস্তবায়নকালে উদ্ভূত কোনো সমস্যার সমাধানে অনেক সময় ব্যাপক চিন্তা-ভাবনার বা অনেক বিকল্প নিয়ে ভাবার সুযোগ থাকে না । যেমন- কারখানায় কাজ চলাকালে মেশিনে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে ।
সুতরাং মেরামত করতে হবে এর কোনো বিকল্প নেই । তাই এখানে বিকল্প ভাবার প্রশ্ন আসছে না। কিন্তু যদি এমন হয় যে মেরামত করলে আবারও তা স্বল্পসময়ের মধ্যে নষ্ট হতে পারে। সেক্ষেত্রে মেশিনটাকে বদলে নতুন মেশিন বসানো যায় । আবার আপতত মেরামত করে চালিয়ে এর মধ্যে নতুন মেশিন পুনঃস্থাপনেরচিন্তা করা যায়- তাহলে এক্ষেত্রে বিকল্প তিনটা; যেমন-

১. মেশিন মেরামত করা;
২. মেরামত না করে দ্রুত নতুন মেশিন স্থাপন করা অথবা
৩. আপাতত মেরামত কিন্তু নতুন মেশিন বসানোর সকল প্রস্তুতি গ্রহণ করা ।
এক্ষেত্রে উপরোক্ত তিনটা বিকল্পকে এখন তথ্য, বিচার-বিশ্লেষণ, সামর্থ্য, আয় ইত্যাদি নানান বিবেচনায় প্রতিটার সুবিধা-অসুবিধা সামনে আনা হলে তাকে বিকল্পসমূহের উন্নয়ন সাধন বলা যাবে ।
