আজকের আলোচনার বিযয় বেঞ্চমার্কিং প্রকারভেদ – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, উদ্দেশ্যগত দিক থেকে বেঞ্চমার্কিং প্রধানত নিম্নোক্ত প্রকারের হয়ে থাকে :
Table of Contents
বেঞ্চমার্কিং প্রকারভেদ

১. কৌশলগত বেঞ্চমার্কিং (Strategic benchmarking):
কৌশলগত বেঞ্চমার্কিং বলতে প্রতিযোগিতায় সফলতা অর্জনকারী প্রতিষ্ঠানসমূহের গৃহীত কৌশলসমূহ পর্যবেক্ষণ করে সফলতা অর্জনে অবদানকারী প্রধান প্রধান কৌশলগত উপাদানসমূহ চিহ্নিত করাকে বুঝায়। এরূপ বেঞ্চমার্কিংয়ে কোনো নির্দিষ্ট শিল্পের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহকেই নয় বরং অপরাপর অন্যান্য সকল শিল্পের অন্তর্গত প্রতিষ্ঠানসমূহের গৃহীত কৌশলকেও পর্যবেক্ষণ করে বেঞ্চমার্ক স্থাপন করা হয় ।
২. কার্যিক বেঞ্চমার্কিং (Operational benchmarking) :
এরূপ বেঞ্চমার্কিংয়ে পণ্য বা সেবা পৃথকীকরণের নিমিত্তে বিভিন্ন ব্যয় তুলনা করে কার্য সম্পাদনের বেঞ্চমার্ক নির্ধারণ করা হয় । ব্যয়ের মধ্যে বেতন, মজুরি, উৎপাদন, ব্যবস্থাপনা সংক্রান্ত সকল ব্যয়কে বিবেচনা করা হয়।
৩. ব্যবস্থাপনা বেঞ্চমার্কিং (Management benchmarking) :
এরূপ বেঞ্চমার্কিং বাজার গবেষণা, বাজার পরিকল্পনা ও তথ্য ব্যবস্থা, লজিস্টিক্স, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে ।
৪. আর্থিক বেঞ্চমার্কিং (Financial benchmarking) :
এক্ষেত্রে আর্থিক বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফলের নিরীখে প্রাতিষ্ঠানিক কার্যকার্যের আর্থিক প্রতিযোগিতামূলকতা ও উৎপাদনশীলতা তুলনা করা হয় ।
৫. প্রক্রিয়া বেঞ্চমার্কিং (Process benchmarking) :
এরূপ বেঞ্চমার্কিংয়ে কোনো প্রতিষ্ঠান এক বা একাধিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও তাদের উত্তম কার্যসমূহ শনাক্ত করার নিমিত্তে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায় প্রক্রিয়াসমূহ পর্যবেক্ষণ করে । এক্ষেত্রে ব্যয় ও দক্ষতা ব্যবসায় প্রক্রিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণে মানদন্ড হিসেবে বিবেচিত হয় ।
৬. পণ্য বেঞ্চমার্কিং (Product benchmarking) :
পণ্য বেঞ্চমার্কিং বলতে নতুন নতুন পণ্যের বিন্যাস অথবা বিদ্যমান কোনো পণ্যের উন্নয়নের প্রক্রিয়াকে বুঝায়। এরূপ প্রক্রিয়ায় পণ্যের উৎপাদন পর্যায়সমূহ প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন পর্যায়সমূহের আলোকে বিশ্লেষণ করে স্বীয় পণ্যের তুলনামূলক গুণাগুণ বা ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করা হয় ।

৭. শ্রেণিস্থ শ্রেষ্ঠ বেঞ্চমার্কিং ((Best-in-class benchmarking) :
শ্রেণিস্থ শ্রেষ্ঠ বেঞ্চমার্কিং বলতে নেতৃস্থানীয় প্রতিযোগী অথবা উত্তমরূপে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনকারী প্রতিষ্ঠানের বিশ্লেষণকে বুঝায় ।
