আজকের আলোচনার বিযয় সমন্বয় কমিটি – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত, বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে যে কমিটি গঠন করা হয় তাকে সমন্বয়- কমিটি বলে । যে সকল প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ অথচ সংগঠন কাঠামোর নিয়ম অনুযায়ী বিভাগীয় প্রধানগণ স্ব স্ব বিভাগের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকেন অথচ উর্ধ্বতনের পক্ষেও সকল বিভাগের কাজে নিয়মিত সমন্বয় করার বিষয়টি কষ্টসাধ্য হয় সেক্ষেত্রে বিভাগীয় প্রধানদের সমন্বয়ে কমিটি গঠনের রেওয়াজ প্রতিষ্ঠানসমূহে লক্ষণীয় ।
সমন্বয় কমিটি

ধরা যাক, একটা প্রতিষ্ঠানে সরলরৈখিক বা সরলরৈখিক ও পদস্থ -কর্মী সংগঠন কাঠামো বহাল রয়েছে। উৎপাদন, বিক্রয় ও ক্রয় তিনটা বিভাগের মধ্যে সমন্বয়ের বিষয়টি কাজের প্রকৃতি অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তিন বিভাগের প্রধানদের সদস্য এবং মহাব্যবস্থাপককে বা তাদের মধ্য থেকে কোনো একজন সিনিয়রকে সভাপতি করে প্রতিষ্ঠানে সমন্বয় -কমিটি গঠন যেতে পারে । যাদের কাজ হবে প্রতি সপ্তাহের শেষে বসে বিভাগসমূহের কাজের অগ্রগতিতে সমন্বয় সাধন করা । এরূপ কমিটি স্থায়ী প্রকৃতির কমিটির উদাহরণ ।
ধরা যাক, বাংলাদেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে গেমস অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন কমিটি গঠন করা হলো । বিভিন্ন কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয়ের জন্য মাঝে-মধ্যেই বিভিন্ন কমিটির প্রধানদের নিয়ে বসার প্রয়োজন দেখা দেবে। এক্ষেত্রে বিভিন্ন কমিটি প্রধানদের সদস্য করে একটা সমন্বয় কমিটি গঠন করলে ভালো ফল পাওয়া যেতে পারে । এটি অস্থায়ী প্রকৃতির সমন্বয় কমিটি ।

উপসংহারে বলা যায়, সমন্বিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে লক্ষ্যার্জন নিশ্চিত করার জন্য বিভিন্ন বিভাগীয় প্রধানদের সমন্বয়ে কোনো প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের কাজে যে কমিটি গঠন করা হয় তাকে সমন্বয়- কমিটি বলে। এরূপ কমিটি তুলনামূলকভাবে উর্ধ্বতনদের নিয়ে গঠিত কমিটি। যেক্ষেত্রে লক্ষ্যার্জনের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার স্বার্থে সমন্বয়ের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ সেখানেই এ ধরনের কমিটি গঠন লাভজনক।
