আজকের আলোচনার বিযয় কর্তৃত্বের উৎসসমূহ – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, কর্তৃত্বের বৈশিষ্ট্য হলো এটি উপরিস্তর থেকে ক্রমান্বয়ে নিচের স্তরে নেমে আসে। এরূপ কর্তৃত্ব যিনি লাভ করেন তার কর্তৃত্বের একটি উৎস লক্ষ্য করা যায় । সাধারণভাবে উচ্চস্তর থেকে কর্তৃত্ব নিচের স্তরে উৎসারিত হলেও এরূপ উৎস সম্পর্কে বিভিন্ন তত্ত্ব প্রচলিত রয়েছে। নিম্নে কর্তৃত্বের উৎস ও এতদসম্পর্কিত তত্ত্বসমূহ তুলে ধরা হলো:
Table of Contents
কর্তৃত্বের উৎসসমূহ

১. আনুষ্ঠানিক নিয়ম / আনুষ্ঠানিক কর্তৃত্ব তত্ত্ব (Formal rules/ formal authority theory):
এক্ষেত্রে কর্তৃত্ব শীর্ষ নির্বাহীর কাছে থেকে প্রাতিষ্ঠানিক নিয়মেই পর্যায়ক্রমে নিম্ন নির্বাহীর কাছে প্রবাহিত হয়। উদাহরণস্বরূপ, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুপারভাইজার যন্ত্র ব্যবস্থাপক (Plant manager) থেকে, যন্ত্র ব্যবস্থাপক প্রধান নির্বাহীর থেকে, প্রধান নির্বাহী পরিচালকমণ্ডলী (Board of directors) থেকে এবং পরিচালকমণ্ডলী শেয়ারহোল্ডারদের নিকট থেকে কর্তৃত্ব লাভ করেন। শেয়ারহোল্ডারগণ দেশের আইনবলে মালিক হওয়ার সুযোগ পান । অর্থাৎ ধনতান্ত্রিক সমাজে ব্যক্তিমালিকানা ব্যবস্থা হলো চূড়ান্ত ক্ষমতার উৎস । আনুষ্ঠানিক কর্তৃত্ব তত্ত্ব অনুসারে কর্তৃত্বের উৎস কর্তৃত্ব হস্তান্তরের সঙ্গে সম্পর্কযুক্ত।
২. গ্রহণযোগ্যতা / গ্রহণযোগ্যতা তত্ত্ব (Acceptance / acceptance theory ) :
আদেশ কতটা অধস্তনের নিকট গ্রহণযোগ্য তার ওপর উর্ধ্বতনের কর্তৃত্ব নির্ভর করে। আদেশ গ্রহণযোগ্য হলে সেক্ষেত্রে তা উর্ধ্বতনের কর্তৃত্ব বৃদ্ধি করে । গ্রহণযোগ্য তত্ত্বের উদ্ভাবক হলো সি, আই, বার্নার্ড (Chester 1. Barnard)। যিনি একটি টেলিফোন শিল্পের নির্বাহী ছিলেন। তিনি অনুভব করেন আনুষ্ঠানিক তত্ত্ব কার্যক্ষেত্রে কর্তৃত্ব প্রয়োগের বেলায় সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ হয় না ।
তাঁর মতে, “অধস্তনদের কাছে আদেশের গ্রহণযোগ্যতাই হলো কর্তৃত্বের প্রকৃত উৎস ।” (The acceptance of an order by subordinates represents the true source of authority.) গ্রহণযোগ্য হলে অধস্তনরা তা পালনে আন্তরিক ও উৎসাহী হয় এবং সেক্ষেত্রে কর্তা প্রকৃতপক্ষে তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন । সি, আই, বার্নার্ড মনে করতেন, কোনো আদেশ অধস্তনদের কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে চারটি শর্ত বিদ্যমান থাকা আবশ্যক :
ক) আদেশগ্রহীতার কাছে তা অবশ্যই বোধগম্য (Understood) হতে হবে; খ) আদেশ অবশ্যই সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে;
গ) এটি আদেশগ্রহীতার ব্যক্তিগত স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে না; এবং
ঘ) এটি অবশ্যই আদেশগ্রহীতার মানসিক ও শারীরিক উভয় দিক বিচারেই পালনযোগ্য হবে ।
৩. যোগ্যতা / যোগ্যতা তত্ত্ব (Competence / competence theory) :
কর্তৃত্বের উৎস সম্পর্কিত আলোচনায় কেউ কেউ নির্বাহীর ব্যক্তিগত গুণ ও যোগ্যতাকে কর্তৃত্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গণ্য করেছেন । তাদের মতে, প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো বিশেষজ্ঞের আনুষ্ঠানিক কর্তৃত্ব না থাকলেও ব্যক্তিগত যোগ্যতার বলে তিনি অন্যদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারেন । এতে তার আনুষ্ঠানিক কর্তৃত্ব সৃষ্টি হতে পারে ।
এমন কী তার এরূপ যোগ্যতা আনুষ্ঠানিক কর্তৃত্ব লাভের পথও সুগম করে । এল. এফ. উরুইক-এর মতে, “প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতা সংগঠন থেকে সৃষ্ট হয়, কারিগরি কর্তৃত্ব নির্বাহীর বিশেষায়িত জ্ঞান বা দক্ষতা থেকে উদ্ভূত । অন্যদিকে ব্যক্তিক কর্তৃত্ব তার জ্যেষ্ঠত্ব ও জনপ্রিয়তার ফসল ।”
যোগ্যতা তত্ত্বও কর্তৃত্বের ধারণাকে সুসংহত করেছে । আনুষ্ঠানিক কর্তৃত্ব থাকার পরও অনেকেই যোগ্যতার অভাবে কর্তৃত্ব প্রয়োগে বাধাগ্রস্ত হন । তাই আনুষ্ঠানিক কর্তৃত্ব ও ব্যক্তিক যোগ্যতার সমন্বয় ঘটলেই কার্যকরভাবে কর্তৃত্বের প্রয়োগ সম্ভব হয় । অবশ্য এটি অনস্বীকার্য যে, বর্তমান সাংগঠনিক কর্তৃত্বের এ যুগে আনুষ্ঠানিক কর্তৃত্ব না থাকলে শুধুমাত্র যোগ্যতা কোনো কার্যকর প্রভাব রাখতে পারে না ।

৪. পরিস্থিতি / পরিস্থিতি বিষয়ক তত্ত্ব (Situation / situational theory) :
পরিস্থিতি অনেক সময়ই কর্তৃত্বের গুরুত্বপূর্ণ উৎস বিবেচিত হয় । বৈরি পরিবেশে একজন কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃত্বহীন হয়ে পড়তে পারে । আবার অনুকূল পরিস্থিতি কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তিকে যথাযথ কর্তত্ব বা দায়িত্ব পালনে সহায়তা করে । মেরী পার্কার ফলেট (Mary Parker Foller) এর মতে, কর্তৃত্ব ব্যক্তির পক্ষে ক্ষতিকর এবং কর্তৃত্বকে কেন্দ্র করে মিথ্যা ঐক্যের এরূপ আদেশ প্রদান ও আদেশ পালনের মতো পরিবেশ সৃষ্টি না করে।
(Should not give orders to another person, but both should agree to take their orders from the situation. ) তিনি মনে করেছেন পরিস্থিতিই কর্তৃত্বের জন্ম দেয় এবং পরিস্থিতিই কর্তৃত্ব প্রয়োগ ও পালনের পরিবেশ সৃষ্টি করে ।
ফলেট তাঁর তত্ত্বে ব্যক্তিক কর্তৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন । ফলে প্রাতিষ্ঠানিক কর্তৃত্বের বিষয়টি তার চিন্তায় তেমন প্রাধান্য পায়নি । অথচ ব্যক্তিক কর্তৃত্ব সমস্যার সৃষ্টি করলেও প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব তেমন সমস্যার সৃষ্টি করে না। কারণ প্রতিষ্ঠানে কর্তৃত্ব রেখা এবং বিভাগীয় কর্তৃত্ব আগে চিন্তা-ভাবনা সহযোগে, সামগ্রিক বিবেচনায় সমন্বিত আকারে সুবিন্যস্ত করা হয় ।
