আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবস্থাপনার ক্রিয়াকলাপের স্তরসমূহ।যা ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও নীতিসমূহ অধ্যায় এর অন্তর্ভুক্ত।
Table of Contents
ব্যবস্থাপনার ক্রিয়াকলাপের স্তরসমূহ

১। শীর্ষ বা উচ্চস্তর ব্যবস্থাপনাঃ
ও শীর্ষস্তর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিষ্ঠা, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং কার্য পর্যবেক্ষণ করেন। শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক পর্ষদ, ব্যবস্থাপক পরিচালক, জেনারেল ম্যানেজার ও সেক্রেটারি প্রভৃতি শীর্ষস্তর ব্যবস্থাপনার অন্তগর্ত। এ স্তর কর্তৃক শিল্পক্ষেত্রে অন্যান্য স্তরসমূহের উদ্দেশ্যাবলি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং কর্মপন্থা স্থির করা হয়। নীতিসমূহ কার্যকর হচ্ছে কিনা এবং উদ্দেশ্য বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা তাই শীর্ষ ব্যবস্থাপনা দেখেন এবং ফলাফল নির্ণয় করেন।
২। উচ্চ-মধ্যস্তর ব্যবস্থাপনা ঃ
প্রতিষ্ঠানের সহসভাপতি কিংবা অন্যান্য দায়িত্ব ও ক্ষমতাসম্পন্ন নির্বাহী কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত হয় উচ্চ-মধ্যস্তর ব্যবস্থাপনা; যারা শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক নিয়ন্ত্রিত ও দায়িত্বপ্রাপ্ত হন। অর্থাৎ শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক নিয়ন্ত্রিত যে সকল ব্যক্তিবর্গ শিল্পপ্রতিষ্ঠানের জন্য গবেষণা এবং অর্থসংস্থানের ব্যবস্থা করে থাকেন, এ পর্যায়ের ব্যবস্থাপনাই উচ্চ-মধ্যস্তর ব্যবস্থাপনা। এদের কাজ হল সংস্থা প্রতিষ্ঠিত করা, প্রয়োজনীয় কর্মী নির্বাচন, কর্মনীতি ও কর্মসূচি প্রণয়ন করা, কর্মীকে সুনির্দিষ্ট কার্যের ভারার্পণ, প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও ব্যয় নিয়ন্ত্রণ এবং উত্তম মজুরি প্রশাসন স্থাপন করা।
৩। মধ্যস্তর ব্যবস্থাপনা ঃ
উচ্চ ব্যবস্থাপনা এবং উচ্চ-মধ্যম স্তর ব্যবস্থাপনার দায়িত্বে যারা নিয়োজিত থাকেন সে সকল ব্যক্তিবর্গের দায়িত্ব ও শ্রম কিছুটা লাঘব করার নিমিত্তে প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানদেরকে ব্যবস্থাপনার কিছুটা দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হয়। বিভাগীয় প্রধানগণ, তত্ত্বাবধায়কগণ এবং এ ধরনের অন্যান্য কমর্তকর্তার সমন্বয়ে মধ্য ব্যবস্থাপনা বা মাধ্যমিক ব্যবস্থাপনা স্তর গঠিত যারা ‘লাইন’ বা ‘ষ্টাফ’ কার্যাদির সাথে জড়িত। তারা প্রতিষ্ঠানের উৎপাদন, বিক্রয়, গবেষণা, অর্থ, কাঁচামাল সংগ্রহ অথবা হিসাব বিষয়ক উপ-বিভাগের আওতায় নির্দিষ্ট ক্ষেত্রে কর্মবিশেষজ্ঞ হিসেবে কাজ করে থাকেন। এদের প্রধান কাজ হচ্ছে উচ্চ ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনার ব্যাখ্যা প্রদান করা এবং পরিকল্পনা বাস্তবায়ন করার নিমিত্তে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।
৪। ফোরম্যান স্তর ঃ
উচ্চ বা শীর্ষ ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে ফোরম্যানবৃন্দ বা পরিদর্শকগণ নির্দিষ্ট এবং সীমিত দায়িত্ব ও কর্তব্য পালন করে। প্রতিষ্ঠানের অফিস, কারখানা ও বিক্রয় কিংবা অন্যান্য ক্ষেত্রে কার্যরত কর্মচারীদের কার্যাদির প্রত্যক্ষ তত্ত্বাবধান করার সাথে জড়িত কর্মকর্তাগণের সমন্বয়ে পরিদর্শন বা ফোরম্যান স্তর গঠিত হয় ।
ব্যবস্থাপনার অন্যান্য স্তরের মতো ফোরম্যানদের লক্ষ্য ও উদ্দেশ্য একই, তবে তাদের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। এরা শ্রমিকদের কাজের প্রত্যক্ষ তত্ত্বাবধান করেন, শ্রমিকদের পরিচালনা করেন। উৎপাদনের জন্য গুদাম হতে কাঁচামাল সরবরাহ করেন, প্রয়োজনীয় মালমসলা ও যন্ত্রপাতি মজুদ করেন, প্রত্যেক কর্মীর কাজের পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করেন। তা ছাড়া ব্যবস্থাপনা প্রতিনিধি নির্ধারণ করেন।
এছাড়া ব্যবস্থাপনা প্রতিনিধি হিসেবে দ্রব্যমান রক্ষা, অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ, কর্মীদের নিরাপত্তা বিধান, নিয়মশৃঙ্খলা সৃষ্টি, প্রেষণা প্রদান প্রভৃতি দায়িত্ব পালন করা ফোরম্যান স্তরের কার্যকলাপের অন্তর্ভুক্ত।
৫। কার্যকারক বা সাধারণ কর্মীবৃন্দ ঃ
কারখানার যন্ত্রপাতি সরাসরি ব্যবহার করে কাঁচামালের সাহায্যে উৎপাদন কার্য সম্পাদন, যন্ত্রপাতি সংরক্ষণ, মেরামত ইত্যাদি’ কার্যের সাথে জড়িত শ্রমিক-কর্মীদের সমন্বয়ে গঠিত হয় কার্যকারক বা সাধারণ কর্মীদল । এই স্তরের ব্যক্তিবর্গ শিল্পপ্রতিষ্ঠানের কার্যশক্তি, যারা উপরিউক্ত ব্যবস্থাপনার পরিকল্পনা ও নিয়ন্ত্রণাধীন থেকে পরিদর্শন বা ফোরম্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দ্বারা বণ্টনকৃত কর্ম যন্ত্রপাতি, কাঁচামাল ও নিজ গতির মাধ্যমে উৎপাদন কার্য সুসম্পন্ন করেন।
তারা পরিদর্শকের মাধ্যমে প্রণীত নীতিমালা, সরবরাহকৃত যন্ত্রপাতি, নির্দেশ এবং পরিমাপ অনুযায়ী স্বাধীনভাবে সচেষ্ট হয়ে উৎপাদনের মান নিয়ন্ত্রণে রেখে কার্য সমাপ্ত করেন। কাজেই কোন শিল্প ব্যবস্থাপনার দ্বারা পরিকল্পিত উদ্দেশ্যাবলি এরাই বাস্তবে রূপদান করেন। ফোরম্যান অপেক্ষাও কার্যকারক বা সাধারণ কর্মীদের দায়িত্ব নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ এবং সুনির্দিষ্ট থাকে।

