বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : রোজায় একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর, সঞ্চয়পত্রের মুনাফা বেশি হলেও যে তিন কারণে বিনিয়োগ কম, শেলটেক আবাসন মেলায় বুকিংয়ে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়, ভারত হয়ে বাংলাদেশ–মধ্যপ্রাচ্য শিপিং সেবা চালু হচ্ছে , ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি, বৈদ্যুতিক গাড়ির বাজারও বড় হবে , সম্মেলন সফল, দাবি এফবিসিসিআইয়ের , সম্পূরক শুল্ক প্রত্যাহার, এসএমই খাতের বড় সমস্যা ঋণ পাওয়া, পুরস্কার ও সম্মাননা পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

Table of Contents
রোজায় একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর | সারা সপ্তাহের খবর
রোজায় একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
পবিত্র রমজান মাসে একসঙ্গে বেশি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেছেন, পবিত্র রমজান মাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। পণ্যসংকটের কোনো আশঙ্কা নেই। একসঙ্গে বেশি পণ্য কেনার প্রয়োজন নেই। কোনো পণ্যের ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোক্তাসাধারণ নিজ দায়িত্বে একসঙ্গে বেশি অথবা এক মাসের পণ্য ক্রয় না করলে বাজারে ওপর কোনো চাপ পড়বে না।
সঞ্চয়পত্রের মুনাফা বেশি হলেও যে তিন কারণে বিনিয়োগ কম
সঞ্চয়পত্র বাংলাদেশের মানুষের কাছে বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণীয় পণ্য হলেও সম্প্রতি এর বিক্রিতে কেন প্রবৃদ্ধি হচ্ছে না, তার ব্যাখ্যা উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে। এ সপ্তাহে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ত্রৈমাসিক এক প্রতিবেদনটির আনুষ্ঠানিক নাম ‘ডেট বুলেটিন’।
অর্থ বিভাগ বলেছে, সঞ্চয়পত্রের বিক্রিতে আগের মতো প্রবৃদ্ধি না হওয়ার কারণ তিনটি। প্রথমত, সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হয়েছে। দ্বিতীয়ত, বিনিয়োগ সীমা নামিয়ে আনা হয়েছে ‘যৌক্তিক পর্যায়ে’। তৃতীয়ত, মুনাফার হারের কয়েকটি স্তর করা হয়েছে। এসব সংস্কার কার্যকর করায় সঞ্চয়পত্রে মানুষের বিনিয়োগ আগের তুলনায় কমেছে।
শেলটেক আবাসন মেলায় বুকিংয়ে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়
আবাসন খাতের প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেডের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে মাসব্যাপী আবাসন মেলা। চলতি মার্চ মাসজুড়ে ক্রেতারা ঢাকার বিভিন্ন এলাকায় শেলটেকের ৪০টির বেশি প্রকল্পে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ক্রয়ের জন্য বুকিং দিলেই পাচ্ছেন ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়। রাজধানীর পশ্চিম পান্থপথে অবস্থিত শেলটেকের প্রধান কার্যালয় শেলটেক টাওয়ারে অনুষ্ঠিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।
ভারত হয়ে বাংলাদেশ–মধ্যপ্রাচ্য শিপিং সেবা চালু হচ্ছে
ব্যবসার আনুষঙ্গিক (লজিস্টিক) সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্ট ওলমেটা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দিতে ঢাকার এসেছেন। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করছে। কিছুদিনের মধ্যে নতুন আরেকটি সেবা চালু করতে যাচ্ছে এ কোম্পানি।
ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির অনুমতি দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাবান্ধা শুল্ক স্টেশনের আওতায় আমদানি পণ্যের তালিকায় ডিজেল অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভারতের শিলিগুড়ি থেকে ডিজেল আমদানিতে এনবিআরের অনুমোদন পাওয়া গেল।
বৈদ্যুতিক গাড়ির বাজারও বড় হবে
করোনার আগে বেশ কয়েক বছর দেশে গাড়ির বাজারে বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১৫ থেকে ২০ শতাংশ। ওই সময়ে গাড়ির যন্ত্রাংশের বাজারও বেড়েছে ১২ শতাংশ হারে। একই সঙ্গে মোটরসাইকেলের বাজারেও প্রবৃদ্ধি এসেছে। ভবিষ্যতে দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার বড় হবে বলে মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, দেশ থেকে এই গাড়ি রপ্তানির সম্ভাবনাও আছে। তবে এ জন্য বড় বিনিয়োগ প্রয়োজন।
এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ ব্যবসা সম্মেলনের সমাপনী দিনে গতকাল সোমবার দেশের গাড়িশিল্পে উচ্চ প্রযুক্তি ব্যবহার নিয়ে আয়োজিত এক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা এই শিল্পে দেশীয় মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য আলাদা শিল্প গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলন সফল, দাবি এফবিসিসিআইয়ের
বাংলাদেশ ব্যবসা সম্মেলন ২০২৩ মোটামুটি সফল হয়েছে এবং এতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব থেকে মোটা অঙ্কের বিনিয়োগ আসবে বলে মনে করেন এর আয়োজক এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এটি দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ এ সংগঠনের প্রথম আয়োজন।
সম্পূরক শুল্ক প্রত্যাহার
শিল্প খাতে ব্যবহারের জন্য চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে যারা কাঁচামাল হিসেবে এটি ব্যবহার করে, তাদের এখন চুনাপাথর বা লাইমস্টোন আমদানিতে কোনো সম্পূরক শুল্ক দিতে হবে না। এত দিন ৩০ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হতো।
সিমেন্ট, সিরামিকসসহ বেশ কিছু শিল্প কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চুনাপাথর আমদানিকারককে ইন্ডাস্ট্রিয়াল আইআরসিধারী হতে হবে। এ ছাড়া ভ্যাটের যাবতীয় নিয়মকানুন প্রতিপালন করতে হবে।
এসএমই খাতের বড় সমস্যা ঋণ পাওয়া
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রায় ৭৮ লাখ প্রতিষ্ঠান রয়েছে। মোট দেশজ অর্থনীতিতে (জিডিপিতে) এই খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। তারপরও প্রয়োজনীয় অর্থায়ন সুবিধার কারণে এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত তিন দিনের ব্যবসা সম্মেলনের শেষ দিনের এক সেমিনারে এমন তথ্য জানিয়েছেন আলোচকেরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার ও সম্মাননা পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ শ্রেণিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বা ব্যবসায় উৎকর্ষ পুরস্কার-২০২৩ পেয়েছেন। এ ছাড়া দুজন প্রবীণ ব্যবসায়ী নেতা পেয়েছেন বিশেষ সম্মাননা। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই পুরস্কার ও সম্মাননা দিয়েছে সংগঠনটি।
