আজকের আলোচনার বিযয় কর্তৃত্বের সংজ্ঞা – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, কর্তৃত্ব বা প্রাধিকার বলতে আদেশ দানের ক্ষমতা ও অধিকারকে বুঝায় । শুধুমাত্র আদেশ দানের মধ্যেই কর্তৃত্ব সীমাবদ্ধ নয়। অধস্তনদের কাছে থেকে আনুগত্য আদায় ও জবাবদিহিতা নিশ্চিত করাও কর্তৃত্বের অধীন কর্তৃত্বের ক্ষেত্রে দুটো পক্ষ বিদ্যমান থাকে।
এর একদিকে থাকে কর্তা, যিনি কর্তৃত্বের অধিকারী হন এবং অন্যদিকে থাকে অধস্তন, যার বা যাদের ওপর কর্তৃত্ব প্রয়োগ করা হয় । তাই কর্তৃত্ব কর্তা ও কর্মীর মধ্যে সম্পর্ক স্থাপন করে । এভাবে সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত কর্তৃত্ব বণ্টিত হয় ও সকল জনশক্তিকে কোনো না কোনো কর্তৃত্বের অধীনে এনে জবাবদিহিতা নিশ্চিত করা হয় । নিম্নে কর্তৃত্ব সম্পর্কিত কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো :
কর্তৃত্বের সংজ্ঞা

১. হেনরি ফেওল-এর মতে, “আদেশ দানের অধিকার ও আনুগত্য আদায়ের ক্ষমতাকে কর্তৃত্ব বলে। (Authority means the right to give orders and the power to exact obedience.)¹ |
২.এল. এ. এলেন বলেছেন, “কর্তৃত্ব হলো অর্পিত কার্যাবলি সম্পাদনের জন্য প্রদত্ত ক্ষমতা ও অধিকারসমূহের সমষ্টি” । (The sum of the powers and rights entrusted to make possible the performance of the work deligated.)
৩. ট্রিওয়াথা ও নিউপোর্ট-এর মতে, “কর্তৃত্ব হলো সংগঠন কাঠামোর অঙ্গীভূত একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আদেশ প্রদানের অধিকার দেয়, নির্দিষ্ট কাজ সম্পাদনের অনুমতি দেয় এবং কার্যাকার্য অনুসরণ ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার প্রতিষ্ঠা করে।” (Authority is the cohesive element of an organization that permits orders to be given, grants permission to perform specified duties, and establishes the right to follow-up and take corrective action when necessary.)
কর্তৃত্বের নিম্নোক্ত প্রকৃতি বা বৈশিষ্ট্য লক্ষণীয় :
১. কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা;
২.আদেশ দানের সাথে অধস্তনদের জবাবদিহি বা বাধ্য করার ক্ষমতাও এর সাথে সম্পর্কিত;
৩. কর্তৃত্ব হলো ব্যক্তির আইনানুগ ও পদমর্যাদাগত অধিকার যেখানে প্রয়োজনীয় সিদ্ধান্তও নিতে হয়;
৪. সংগঠন কাঠামোর উপরিস্তর থেকে কর্তৃত্ব ধীরে ধীরে নিচের স্তরে নেমে আসে;
৫. প্রতিষ্ঠানের উপরিস্তরের কর্মকর্তাগণ অধিক কর্তৃত্ব এবং নিচের স্তরের নির্বাহীগণ কম কর্তৃত্ব ভোগ করেন এবং
৬. কর্তৃত্ব হস্তান্তরযোগ্য হলেও দায়িত্ব হস্তান্তরিত হয় না অর্থাৎ হস্তান্তরকারী যে কাজের কর্তৃত্ব পেয়েছিলেন তজ্জন্য সে উর্ধ্বতনের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে ।

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা বিশ্লেষণ করলে পরিশেষে বলা যায়, কর্তৃত্ব হলো এমন একটি অর্পিত সাংগঠনিক অধিকার যার বলে কোনো ব্যক্তি নির্দিষ্ট কর্ম সম্পাদনের অধিকারী হয় এবং যার ফলে সে অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশ দান, কার্যাকার্য অনুসরণ ও প্রয়োজনে জবাবদিহি করতে বাধ্য করতে পারে ।
