বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ, বেসরকারি ব্যাংকের ‘মামাতো ভাইয়েরা’, বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণ, শ্রীলঙ্কা বিদেশি ঋণ পরিশোধ আগামী ১০ বছর স্থগিত রাখতে চায়, ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৪০ টাকা, বিক্রি দ্বিগুণ দামে, যুক্তরাষ্ট্রের আরও ১৮৬ ব্যাংক ঝুঁকিতে, বাংলালিংকের আয় বেড়েছে ১২ শতাংশ, এনবিআর ওয়েবসাইট থেকে ইটিআইএন নেওয়া যাচ্ছে না

Table of Contents
চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ | সারা সপ্তাহের খবর
চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ
বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হওয়ার পর বাণিজ্যবিষয়ক ১০টি চ্যালেঞ্জের মুখে পড়বে। এর মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, বড় বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে তৈরি পোশাকের শুল্কমুক্ত বাজারসুবিধা হারাতে হতে পারে। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হচ্ছে, রপ্তানি বৃদ্ধির জন্য বর্তমানে যে নগদ সহায়তা দেওয়া হয়, তা এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ আর দিতে পারবে না।
বেসরকারি ব্যাংকের ‘মামাতো ভাইয়েরা’
আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে বেসরকারি ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের ব্যবস্থা করা হয়েছিল। এই নীতি মেনে সব ব্যাংকই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। কিন্তু ব্যাংকাররাই এখন তাঁদের বলছেন, ‘ভাই-মামাতো ভাই’। অর্থাৎ তাঁরা মালিকদেরই ঘনিষ্ঠ বা আস্থাভাজন। আর বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা মালিকদেরই স্বার্থ দেখছেন।
ফলে প্রশ্ন উঠেছে, বেসরকারি ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা নিয়ে। কারণ, স্বতন্ত্র পরিচালক থাকার পরও কয়েকটি ব্যাংক নামে-বেনামে ও কাগুজে কোম্পানির নামে ঋণ দিয়েছে। এতে তারল্যসংকটে পড়েছে এসব ব্যাংক।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণ
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জ্যেষ্ঠ বাজারবিশ্লেষক লুইস স্ট্রিট বলেন, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসেবে বেশি পরিমাণ সোনা মজুতের ওপর জোর দিচ্ছে। এ কারণে সোনা কেনার পরিমাণও বেড়েছে। গত বছর ব্যাংকগুলো যে পরিমাণ সোনা কিনেছে, তা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। সেই সঙ্গে ভূরাজনৈতিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা বাড়িয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
শ্রীলঙ্কা বিদেশি ঋণ পরিশোধ আগামী ১০ বছর স্থগিত রাখতে চায়
অর্থসংকটে জর্জরিত শ্রীলঙ্কা ১০ বছরের জন্য বৈদেশিক দেনা পরিশোধ স্থগিত রাখতে চায়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলারের একটি সম্ভাব্য আর্থিক পুনরুদ্ধার ঋণ পাওয়ার ঠিক আগে এমন বক্তব্য এল।
প্রেসিডেন্টের দপ্তর তাঁকে উদ্ধৃত করে বলেছে, ‘আইএমএফের ওই বহুল প্রত্যাশিত ঋণ পাওয়া গেলে তা আমাদের কেবল একটু নিশ্বাস নেওয়ার সুযোগ দেবে। আমরা শুধু এটুকুই বলতে পারব যে আমরা আর দেউলিয়া নই।’
ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৪০ টাকা, বিক্রি দ্বিগুণ দামে
মুরগিবাজার অস্থির। দেড় থেকে দুই মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম হয়েছে দ্বিগুণ। সরকারি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, দাম ২০০ টাকার বেশি হওয়া অযৌক্তিক। কারণ, খাবারসহ অন্যান্য ব্যয় বৃদ্ধির পরও এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ করপোরেট প্রতিষ্ঠান পর্যায়ে ১৩৫ থেকে ১৪০ টাকা। আর প্রান্তিক খামারি পর্যায়ে খরচ ১৫০ থেকে ১৬০ টাকা। অধিদপ্তরের এই তথ্য অনুযায়ী, বর্তমানে ব্রয়লার মুরগি উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সোমবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ২৬০ থেকে ২৮০ টাকা।
যুক্তরাষ্ট্রের আরও ১৮৬ ব্যাংক ঝুঁকিতে
তিন দিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের আর্থিক খাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুইজারর্যান্ডের ক্রেডিট সুইস একীভূত হয়েছে আরেক বৃহৎ ব্যাংকের সঙ্গে। এবার জানা গেল, যুক্তরাষ্ট্রের আরও ১৮৬ টি ব্যাংক থেকে অর্ধেক আমানকারী যদি দ্রুত অর্থ তুলে নেন, তাহলে সেই ব্যাংকগুলোও বন্ধ করে দিতে হতে পারে। এন জেড হেরাল্ড পত্রতাকর এই প্রতিবেদনে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
বাংলালিংকের আয় বেড়েছে ১২ শতাংশ
বার্ষিক রাজস্ব আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। গত বছর প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে। আর সব মিলিয়ে বাংলালিংকের আয় বেড়ে হয়েছে ৫ হাজার ৩৭৪ কোটি টাকা। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এসব তথ্য জানান।

এনবিআর ওয়েবসাইট থেকে ইটিআইএন নেওয়া যাচ্ছে না
ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর বা ইটিআইএন নিতে পারছেন না সাধারণ মানুষ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইটিআইএন নেওয়ার সার্ভার বন্ধ থাকায় কেউ এই সেবা পাচ্ছেন না। ফলে ইটিআইএন নিতে আগ্রহীরা বিপাকে পড়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরেই কর শনাক্তকরণ নম্বর নেওয়া যাচ্ছে না। এই সময়ে তিনবার সার্ভার ঠিক করা হয়েছে। কিন্তু ঠিক করার পর আবার বিকল হয়েছে। দুপুর থেকে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে তিনবার ইটিআইএন অংশে গিয়ে খোলার চেষ্টা করা হলেও তা খোলেনি। বিকেল পৌনে ছয়টা পর্যন্ত সিস্টেমটি বিকল ছিল।
