সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলতে কী বুঝায় এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন” বিষয়ক পাঠের অংশ। সরলরৈখিক নির্বাহী ও পদস্থ কর্মী (Staff) সমন্বয়ে যে সংগঠন গড়ে উঠে তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী গঠন বলে।
সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলতে কী বুঝায়

বর্তমান বৃহদায়তন ব্যবসায় জগতে সাংগঠনিক শৃঙ্খলা ও বিশেষজ্ঞতা অর্জন এবং সেই সাথে প্রযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে সরলরৈখিক নির্বাহীদের পাশাপাশি বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মীর ব্যবহার বিশেষভাবে লক্ষ করা যায় । তাই এরূপ সংগঠনকে অনেকেই পদস্থ কর্মী সংগঠন (Staff organization) নামেও অভিহিত করে থাকেন । আমাদের দেশে সরকারি প্রশাসন, ব্যাংক, বিমাসহ বড় বড় সকল ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে এরূপ সংগঠন লক্ষণীয় । নিম্নে এ ধরনের সংগঠনের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞার উল্লেখ করা হলো :
১. G.R. Terry- এর মতে, “যখন কোনো সংগঠনে সরলরৈখিক কর্তৃত্ব ও সহযোগী কর্তৃত্ব একত্রে কর্মরত থাকে তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে ।” (When both line and staff authorities are 20 included in an organization, it is known as a line and staff organization.”
২. Dr. C. B. Memoria বলেন, “সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন হলো সংগঠন কাঠামোর সেই ধরন যেখানে কোনো বিশেষজ্ঞ কর্মী বা একদল বিশেষজ্ঞ কর্মী বিশেষ ধরনের কার্যক্ষেত্রে সরলরৈখিক নির্বাহীকে উপদেশ প্রদান করে।” (Line and staff organization refers to an organisational pattern in which individual specialists and groups of specialists advice line officers on the special aspects of their activities.)
৩. LA. Allen এ ধরনের সংগঠনে উভয় ধরনের কর্মীদের অবস্থা তুলে ধরে বলেন, “সরলরৈখিক নির্বাহী প্রতিষ্ঠানের সেই অবস্থা ও উপাদানের দিক নির্দেশ করে যারা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য অর্জনের জন্য দায়ী থাকে এবং সে ধরনের কর্তৃত্ব ভোগ করে ও দায় বহন করে । পদস্থ কর্মী হলো এমন উপাদান যাদের দায়িত্ব ও কর্তৃত্ব হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য সরলরৈখিক নির্বাহীদেরকে পরামর্শ ও সেবা প্রদান করা।” (Line refers to those positions and elements of the organization which have the responsibility and authority and are accountable for the accomplishment of primary objectives. Staff elements are those which have responsibility and authority for providing advice and service to the line in the attainment of objectives.)
৪. J. L. Massie এ ধরনের সংগঠনকে পদস্থ কর্মী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বলেন “ Staff organization is purely advisory (either generalist of specialist) to the line structure, with no authority to place recommendations into action. “23 অর্থাৎ পদস্থ কর্মী সংগঠন হলো প্রকৃতপক্ষেই সরলরৈখিক কাঠামোকে উপদেশ (সাধারণ বা বিশেষজ্ঞ প্রকৃতির) দানকারী ব্যক্তিবর্গের সমষ্টি যাদের কোনো পরামর্শকে কাজে বাস্তবায়ন করার কর্তৃত্ব থাকে না ।
উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে নিম্নোক্ত দু’ ধরনের কর্তত্বের পাশাপাশি অবস্থান লক্ষণীয় :
১. সরলরৈখিক কর্তৃত্ব (Line authority) :
সংগঠনের কর্তৃত্ব শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত নির্বাহীদের কর্তৃত্বকে সরলরৈখিক কর্তৃত্ব বলে । আনুষ্ঠানিক সংগঠনে এরূপ কর্তৃত্বশালী ব্যক্তিবর্গই প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রাখে । কর্তৃত্বের পাশাপাশি কাজের সকল দায়-দায়িত্বও এদেরকেই বহন করতে হয় । Bovee ও অন্যরা এরূপ কর্তৃত্ব সম্পর্কে বলেন, “Line authority means formal authority based on the hierarchical positions in the chain of command,”24 অর্থাৎ সরলরৈখিক কর্তৃত্ব হলো আনুষ্ঠানিক কর্তৃত্ব যা কর্তৃত্ব শৃঙ্খলে স্তরীয় পদমর্যাদা থেকে উদ্ভূত হয় ।
২. সহযোগী কর্তৃত্ব (Staff authority) :
সরলরৈখিক নির্বাহীদের পরামর্শ বা সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে সহযোগী/ উপদেষ্টা /বিশেষজ্ঞ বা পদস্থ কর্মী নামে এক ধরনের নির্বাহীদের যে সীমিত কর্তৃত্ব লক্ষ করা যায় তাকে সহযোগী কর্তৃত্ব বলে । Terry ও Franklin এরূপ কর্তৃত্ব সম্পর্কে বলেন, “Staff authority originally meant authority used to support line authority. “25 উপাধ্যক্ষ এরূপ কর্তৃত্ববলেই অধ্যক্ষকে সহযোগিতা প্রদান বা তার কাজে পরামর্শ দেয়ার অধিকারী হন ।
আধুনিক বৃহদায়তন ব্যবসায়ে কাজের পরিধি এত বৃদ্ধি পেয়েছে যে, একজন সরলরৈখিক নির্বাহীর পক্ষে সকল কাজ সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। কার্যক্ষেত্রে বিশেষ জ্ঞানের প্রয়োজন থাকায় নির্বাহীকে বিশেষজ্ঞ কর্মীর সহযোগিতা নিতে হচ্ছে। সেই সাথে বিভিন্নমুখী সহযোগিতা লাভের উদ্দেশ্যে সহযোগী বা সহকারী নিয়োগ করার প্রয়োজন পড়ছে । এ জন্য সরলরৈখিক নির্বাহী ও পদস্থ কর্মী সমন্বয়ে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন গড়ে উঠেছে ।

উপসংহারে বলা যায়, যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়ার জন্য তাদের পাশাপাশি পদস্থ কর্মী কর্মরত থাকে তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে । সরলরৈখিক সংগঠন ও কার্যভিত্তিক সংগঠনের অসুবিধাসমূহ দূর করে উভয় সংগঠনের সুবিধাসমূহ অর্জনের উদ্দেশ্যেই এরূপ সংগঠন কাঠামো গড়ে উঠেছে ।
