সরলরৈখিক সংগঠনের প্রয়োগক্ষেত্র এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন” বিষয়ক পাঠের অংশ। সরলরৈখিক সংগঠন একটি প্রাচীন ধরনের কারবার সংগঠন । এর সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করলে দেখা যায় এরূপ সংগঠন কতিপয় ক্ষেত্রে সুবিধাজনক গণ্য হলেও বড় ও জটিল ধরনের প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়। এরূপ সংগঠনের উপযোগী ক্ষেত্রসমূহ নিম্নে তুলে ধরা হলো :
Table of Contents
সরলরৈখিক সংগঠনের প্রয়োগক্ষেত্র

১. স্বল্পায়তনের উৎপাদনকারী প্রতিষ্ঠান (Small scale manufacturing concern) :
একই সাথে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য সরলরৈখিক সংগঠন প্রযোজ্য নয় । যে সকল প্রতিষ্ঠানে মাত্র একটি বা কয়েকটি দ্রব্য স্বল্প পরিমাণে উৎপাদন বা বেচাকেনা হয় তথায় এ সংগঠন অধিক সফলতা আনে ।
২. ক্ষুদ্রায়তন ব্যবসায় (Small scale business) :
বৃহৎ প্রতিষ্ঠানে সরলরৈখিক- সংগঠনের ব্যবহার খুব একটা দৃশ্যমান নয় । ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠানে সরলরৈখিক- সংগঠন অধিক সফলতার সাথে ব্যবহার করা যায় ।
৩. শৃঙ্খলা বিশিষ্ট প্রতিষ্ঠান (Well-disiplined organization) :
সরলরৈখিক- সংগঠন কাঠামোতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক কাজ করতে হয়। তাই যে সকল প্রতিষ্ঠানে ব্যবস্থাপকীয় নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে পালন অত্যাবশ্যক সে সকল প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো অধিক মজবুত ।
৪. সুস্পষ্ট স্তরবিশিষ্ট প্রতিষ্ঠান (Clear hierarchical organization) :
যে সকল প্রতিষ্ঠানে স্বাভাবিক কারণেই ব্যবস্থাপনা স্তর সুস্পষ্ট থাকে এবং প্রত্যেক কর্মী তার ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে পূর্বেই অবগত থাকে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সরলরৈখিক -সংগঠন অধিক উপযোগী ।
৫. দক্ষ ও অভিজ্ঞ কর্মচারী বিশিষ্ট প্রতিষ্ঠান (Organization with efficient employee) :
সরলরৈখিক -সংগঠনে যেহেতু কোনো পরামর্শদাতার অস্তিত্ব থাকে না সেহেতু এ সব প্রতিষ্ঠানের নির্বাহীগণ অধিক দক্ষ ও অভিজ্ঞ হয় সংগঠনও অধিক সফলতার সাথে কার্যক্রম পরিচালনায় সক্ষম হয় ।

৬. শ্রম ব্যয় অনুপাতের আধিক্য (Excessiveness of labour-cost ratio) :
মোট ব্যয়ের ওপর শ্রম ব্যয়ের প্রভাব অধিক হলে সেখানে উপদেষ্টা বা পদস্থ কর্মী নিয়োগ লাভজনক বিবেচিত হয় না । ফলে সে ধরনের প্রতিষ্ঠানে শুধুমাত্র সরলরেখিক নির্বাহী সমন্বয়ে সংগঠন প্রতিষ্ঠা করা হয় ।
উপরোক্ত বিশেষ ধরনের প্রতিষ্ঠানসমূহে এ ধরনের সংগঠন -কাঠামো ব্যবহার করে সর্বোচ্চ ফল অর্জন সম্ভব উল্লেখ্য, অদ্যাবধি পৃথিবীর বিভিন্ন দেশে ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের সংখ্যা অধিক হওয়ায় এ ধরনের সংগঠন -কাঠামো ব্যবহারের প্রবণতাও অত্যধিক।
